October 18, 2026, 10:56 pm

গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, October 18, 2026
  • 23 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পরিচ্ছন্ন গাজীপুর, সবুজ গাজীপুর স্লোগানকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটিসি ফ্লাইওভারের নিচে স্টেশনটির উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রধান প্রকৌশলী সদীপ বসাক, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা সোহেল রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম শুক্কুর, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা প্রভাষক বসির উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, রাশেদুল ইসলাম কিরন, সরকার শাহনূর ইসলাম রনি, আব্দুর রহিম খান কালা, ইসমাইল হোসেন বসু এবং যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল, সেলিম কাজল ও রাতুল আহমদ ভূইয়া।
উদ্বোধনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, বাড়ি বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য গাড়ির মাধ্যমে এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আনা হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে সেখান থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই স্টেশন নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। গাজীপুর সিটিকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করতে চাই। নগরবাসী যেন দূষণ ও ময়লামুক্ত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
প্রশাসক আরও বলেন, গাজীপুরের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে টঙ্গীবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, নগরবাসীকে সিটি করপোরেশনের নাগরিক সেবাগুলো গ্রহণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে হবে। গাজীপুরের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একনেকে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরীর সড়ক, যোগাযোগব্যবস্থাসহ নগরীর বিভিন্ন খাতে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।
সংশ্লিষ্টদের আশা, চেরাগআলীর এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন চালুর ফলে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে শৃঙ্খলা আসবে এবং টঙ্গী এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর