স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আমরা বর্ডারের দায়িত্ব পালন ব্যতীত সিভিল প্রশাসনকে সহায়তার জন্য সবসময় তৎপর রয়েছে। বর্তমানে দেশে সৃষ্ট নাশকতা নির্মূলের জন্য সেনাবাহিনীর সাথে বিজিবি র্যাব, পুলিশসহ সকল বাহিনীর সদস্যরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন বিগত ক’দিন ধরে দেশের সংঘটিত নাশকতা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা আমরা সকলে মিলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখন গার্মেন্টস মালিকরা কারখানা খুলে দিয়েছে। শ্রমিকরা যাতে নির্ভয়ে কারখানায় কাজে আসতে পারে এবং এর ভেতরে যাতে অন্য কোন দুষ্কৃতকারী পরিকল্পনা করে আবার কোন নাশকতা না করতে পারে, সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আজ বুধবার গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং কালে বিজিবি অধিনায়ক এসব কথা বলেছেন। এ সময় গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ী জোন) মোঃ আমির হোসেনসহ বিজেপি ও পুলিশের বিভিন্ন কর্মকর্তারে উপস্থিত ছিলেন।