স্টাফ রিপোর্টার, গাজীপুর :: রাজধানীর উত্তরা থেকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারসহ চারজন বিএনপি ও যুবদল নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে তাঁদের আটক করা হয় বলে দাবি যুবদল নেতাদের।
আটককৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শাহীন এবং কাশিমপুর থানা যুবদলের সদস্য ডি এম মাসুদ। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন বলেন, উত্তরায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শাহীন এবং কাশিমপুর থানা যুবদলের সদস্য ডি এম মাসুদসহ চারজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোরশেদ আলম সাংবাদিকদের বলেন, বিএনপির কোনো জাতীয় নেতাকে গ্রেপ্তার করা হয়নি। তবে বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নাম ও সংখ্যা এখনই বলা যাচ্ছে না।