July 21, 2026, 7:25 pm

গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালালেন ডাকাতি মামলার আসামি

Reporter Name
  • আপডেট Tuesday, July 21, 2026
  • 20 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে আদালত প্রাঙ্গণ থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। রবিবার রাতে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের হাতে গ্রেফতারের পর সোমবার দুপুরের দিকে ওই আসামিকে গারদখানা থেকে আদালতে নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামির নাম সম্রাট (২৭)। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে তাকে আদালতে হাজির করার জন্য গারদখানায় নেওয়া হয়। এ সময় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দ্রুত পালিয়ে যান তিনি।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, আসামি সম্রাটকে আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায়। তার হাত চিকন হওয়ায় সে এই সুযোগটি কাজে লাগায়। পলাতক আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ডাকাতি মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তাকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হবে। পালিয়ে যাওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর