স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে শ্রীপুর থানার মাওনা এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ, গাড়ি ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় দ্রুতবিচার আইনে মামলা হয়। মামলার পর অভিযান চালায় পুলিশ।
অভিযানে তাদের দখলে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও ১৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলা ছাত্রলীগে যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড বেগুনবাড়ি গ্রামের মো. বোরহান উদ্দিন শেখের ছেলে হৃদয় শেখ (২৪), শ্রীপুর কেওয়া পশ্চিমখন্ড মসজিদ মোড় এলাকার আব্দুল করিমের ছেলে ছাত্রলীগকর্মী আনোয়ার হোসেন (২৯) এবং একই ঠিকানার নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান শিহাব (২৪)।
পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে সিহাব হোসেন, হৃদয় শেখ ও আনোয়ার হোসেনকে আটক করে। এরপর তাদেরকে জিজ্ঞেসাবাদে পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গ্রেপ্তারকৃত সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউড তাজা বুলেট ও ১৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, শনিবার গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরাও নজরদারিতে রয়েছে।
গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তিনি আরো জানান, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি করে এক যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাঙচুর করে অস্ত্রধারীরা। এ ঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা দায়ের করেন।