স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে টানা দশ দিন আন্দোলন করে আসছে শ্রমিকরা। আন্দোলনের মুখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীসহ গাজীপুর জেলার ২২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারওয়ার আলম এ তথ্য জানান।
সারোয়ার আলম বলেন, আমি আজ পাঁচটি কারখানায় গেলাম, কাজ নেই। মালিকপক্ষ নো ওয়ার্ক নো পে ভিত্তিতে ২২০টি কারখানা বন্ধ করেছে। আগামী শনিবার থেকে কারখানাগুলো চালু করা হবে।
অপরদিকে বিএনপি-জামায়াতের অবরোধ ও শ্রমিক আন্দোলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিজিবির টহল জোরদার করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজকে গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন জানান, আমি টঙ্গীতে বিজিবির টহলে আছি।
উল্লেখ্য, গত দশ দিন যাবত বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছে। শ্রমিকরা সড়ক অবরোধ, যানবাহন ও কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ আইন-শৃঙ্খলার অবনতি করছে বলে অভিযোগ উঠেছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন শ্রমিক নিহত ও কারখানায় আগুন দিতে গিয়ে এক শ্রমিক পুড়ে মারা যায়। এ অবস্থায় বুধবার শ্রমিক আন্দোলন শান্ত হয়।