স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে প্রায় সাড়ে ৭ লাখ টাকার জালনোট ও নোট তৈরি চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) একটি টিম মঙ্গলবার রাতে বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে জালটাকাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. এনামুল হক (২৪), মো. জিয়াউর রহমান (৪০), মো. শরীফ মিয়া (৩০), মো. মাজহারুল ইসলাম সবুজ (২৪) এবং মো. খোরশেদ আলম নবী (৪২)।
গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান আজ বুধবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাসন থানাধীন নলজানীর জয়দেবপুর টু গাজীপুর চৌরাস্তাগামী সড়কের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে কতিপয় জালটাকার ব্যবসায়ী জালটাকা কেনাবেচা করছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ লাখ ৪০ হাজার জালটাকার নোটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এ চক্রটি সারা বছর জালটাকা তৈরি ও সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ চক্রের মূলহোতা আলাউদ্দিনসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।