স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহিবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে| এ ঘটনায় ৩যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে আরো ৫জন| রোববার সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনাটি ঘটে|
নিহতরা হচ্ছেন-কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবুবক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহীর চারঘাট এলাকার শিমুল নাহার (২০)| গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এসএম শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন|
জানা যায়, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়| এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়| দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান| গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়| এ ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়| আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়| এ নিয়ে মোট ৩জনের মৃত্যু হয়| নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে|