August 12, 2026, 8:31 pm

গাজীপুরে রাজবাড়ী-শিববাড়ী সড়ক প্রশস্তকরণ ও ভাওয়াল রাজদীঘির সৌন্দর্যবর্ধনের উদ্যোগ

Reporter Name
  • আপডেট Wednesday, August 12, 2026
  • 18 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর শহরের দীর্ঘদিনের যানজট ও নাগরিক দুর্ভোগ কমাতে রাজবাড়ী রোড মহিলা কলেজ থেকে শিববাড়ী মোড় পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক ভাওয়াল রাজদীঘির সৌন্দর্যবর্ধনসহ আশপাশের এলাকার নান্দনিক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গাজীপুর শহরের যোগাযোগব্যবস্থায় গতি আসার পাশাপাশি নগরীর সৌন্দর্যও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আজ বুধবার (১২ আগস্ট) গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ও গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া রাজবাড়ী রোড মহিলা কলেজ থেকে শিববাড়ী মোড় পর্যন্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তারা সড়কের উভয় পাশের জায়গা পরিমাপ ও সম্ভাব্য সম্প্রসারণের স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর শহরের গুরুত্বপূর্ণ এ সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা হলে যানবাহন চলাচল অনেক বেশি স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি বলেন, তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে কলের বাজার থেকে রাস্তাটি ৬০ ফুট হয়ে রাজবাড়ী রাজ দিঘির সাথে এসে মিলিত হবে আর এদিকে পূবাইল নিলের পড়া হয়ে সড়কটি মহিলা কলেজের সাথে রাজবাড়ী সড়কে এসে মিলিত হয়ে হানগাটা হয়ে সিলেট রুটের সাথে মিলিত হবে। এছাড়া গাজীপুর জজ কোর্ট এলাকার রাস্তাটি ৪০ ফিট প্রশস্ত করে শ্মশানঘাট এলাকায় নিয়ে মিলিত করা হবে। এতে শহরের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হবে এবং যানজট কমে যাবে।একই সঙ্গে ভাওয়াল রাজদীঘিকে ঘিরে সৌন্দর্যবর্ধন ও নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভাওয়াল রাজদীঘির প্রকল্প বাস্তবায়িত হলে এখানে শিশু পার্ক সহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হবে। তার জন্য ডুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন এবং শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। এছাড়া রেল কোচিং এর উপর ওভার ব্রিজ নির্মাণের কাজ আগামী সোমবার টেন্ডারের লাইভে যাবে।সমন্বিতভাবে এসব কাজ বাস্তবায়ন করা গেলে গাজীপুর শহরকে আরও পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, গাজীপুর শহরের যানজট নিরসনে শুধু সড়ক প্রশস্তকরণ নয়, প্রয়োজনীয় রেলক্রসিং এলাকায় ওভারপাস নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে। এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে গাজীপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও যোগাযোগসংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমে আসবে।
গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুর শহরের উন্নয়নকে আরও পরিকল্পিত ও সমন্বিত করার লক্ষ্যে সড়ক প্রশস্তকরণ, যানজট নিরসন এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ভূমি, সীমানা ও কারিগরি বিষয় যাচাই করে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। এতে একদিকে নাগরিকদের চলাচল সহজ হবে, অন্যদিকে গাজীপুরের ঐতিহ্য ও সৌন্দর্যও সংরক্ষিত হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়ক যোগাযোগ ও নগর সৌন্দর্যবর্ধনকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। রাজবাড়ী রোড থেকে শিববাড়ী পর্যন্ত সড়কটি প্রশস্ত করার পাশাপাশি ভাওয়াল রাজদীঘির সৌন্দর্যবর্ধন করা হলে এ এলাকা নগরবাসী ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে পরিকল্পনা, কারিগরি মান ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
পরিদর্শনকালে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, এবিসি জেনারেল মো. শাহরিয়ার নজির,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, সচিব ফিরোজ আল মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ লেহাজ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সড়ক প্রশস্তকরণ, ওভারপাস নির্মাণ ও ভাওয়াল রাজদীঘির সৌন্দর্যবর্ধন-এই তিন উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়িত হলে গাজীপুর শহরের যানজট নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নগর সৌন্দর্য বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে গাজীপুর শহরকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে তোলার পথ সুগম হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর