স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় অবস্থিত মুকুল নীটওয়্যার লিমিটেড কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) কারখানার পরিচালক মইনুল ইসলাম মকুল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করে বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে উল্লেখ করা হয়, মুকুল নীটওয়্যার লিমিটেড একটি রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি করে আসছে। তবে সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রয়াদেশ (অর্ডার) সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালু রাখা সম্ভব না হওয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত) এর ধারা ২৮ক এবং বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর বিধি ৩২ অনুসারে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী আলোচনা সাপেক্ষে শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।
এদিকে প্রতিদিনের মতো আজও শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় এসে গেটে স্থায়ীভাবে বন্ধ ঘোষণার নোটিশ সাঁটানো দেখতে পান। এ সময় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতে দেখা যায়।
শ্রমিক জুয়েল রহমান বলেন, “গত সোমবার আমরা অফিস করে বাসায় যাই। ১৬ ডিসেম্বর কারখানা বন্ধ ছিল। আজ সকালে এসে দেখি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আমরা কোথায় যাব? রুমভাড়া, দোকানের বাকি আর ছেলেমেয়েদের স্কুলের বেতন কীভাবে দেব?”
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মইনুল ইসলাম মকুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মামুদ বলেন, “মুকুল নীটওয়্যার লিমিটেড কারখানা আজ থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।”