মো: আক্তার হোসেন ডালি:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের এরশাদনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মাসিক ফ্রি চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এখন থেকে প্রতি মাসে একবার করে নিয়মিতভাবে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। এই উদ্যোগের উদ্যোক্তা ৪৯ নং ওয়ার্ড বিএনপির সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মোক্তাদির আহমেদ লিপু মোল্লা। সার্বিক সহযোগিতায় রয়েছেন গাজীপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। চিকিৎসা সেবা প্রদান করেন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর অভিজ্ঞ চিকিৎসকগণ। তারা আগত রোগীদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
উদ্যোক্তা মোক্তাদির আহমেদ লিপু মোল্লা বলেন, “আমাদের ওয়ার্ডের অনেক মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই ফ্রি চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। আমরা চাই, কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়। ইনশাআল্লাহ প্রতি মাসে নিয়মিতভাবে এ কার্যক্রম চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “এটি শুধু একটি সেবামূলক উদ্যোগ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি দায়িত্ব। ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ এলাকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।