November 10, 2026, 1:03 pm

গাজীপুরের শ্রীপুরে ৫৩ কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৩০টিতেই নেই সুপেয় পানির ব্যবস্থা

Reporter Name
  • আপডেট Tuesday, November 10, 2026
  • 24 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে ৫৩ কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৩০টিতেই নেই সুপেয় পানি এবং ১২টিতে নেই বিদ্যুতের ব্যবস্থা। এতে টয়লেট ব্যবহারসহ প্রায় অচলাবস্থায় চরম দুর্ভোগে সেবাপ্রার্থী ও স্বাস্থ্য কর্মীরা। একই সঙ্গে এসব ক্লিনিকে প্রতিনিয়তই ঘটছে আসবাবপত্র চুরি। উপজেলার বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে গিয়ে এসব তথ্য পাওয়া যায়। স্থানীয় ব্যক্তি ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিক চালু করে সরকার। সঠিক তদারকির অভাবে বহুদিন ধরে ক্লিনিকগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। নেই কোনো সংস্কার পুনর্নির্মাণ।
স্থানীয় সাদেক মিয়া নামের এক জন বলেন,’ ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা পানি ও স্যানিটেশন ব্যবস্থা না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। লোহাগাছ এক ক্লিনিকে ৮বার চুরি হয়েছে। সবশেষ জানালার গৃলও চুরি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চলতি বছরের জুন মাসের শেষের দিকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব বরাবর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় থেকে চিঠি দেয়া হয়েছে। এতে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের জরাজীর্ণসহ বিভিন্ন অবকাঠামোগত অবস্থা জানিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়। তবে, এখনো সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। উপজেলার বরমীর বরকুল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী (সিএইচসিপি) ওয়াহিদুল ইসলাম বলেন, ‘এখানে ১৩ বছর ধরেই পানির ব্যবস্থা নেই। পাশের বাড়ি থেকে বালতি ভরে ভরে বাথরুমে পানি রাখা হয়। সেবা নিতে আসা রোগী ও স্বজনরা সেই পানি ব্যবহার করেন।’
সেবা নিতে আসা আমেনা খাতুন বলেন, ক্লিনিকে পানি না থাকায় টয়লেট ব্যবহার নিষেধ থাকে। তাই বিড়ম্বনা এড়াতে শিশুদের বাড়ি রেখে আসা লাগে। এসবের সমাধান জরুরি।’
শ্রীপুর উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘প্রায় ৫৫-৬০ শতাংশ ক্লিনিকে সুপেয় পানির ব্যবস্থা নেই। সেবা নিতে আসা রোগীসহ সেখানে কর্মরত স্বাস্থ্য কর্মীরাও পানির কষ্টসহ ওয়াশরুম ব্যবহার করতে পারছে না। দীর্ঘদিনের সমস্যার কথা জানালেও কোনো সমাধান হয়নি। এ থেকে পরিত্রাণ চাই।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন,’ আশা করছি, সামনের বরাদ্দে সমস্যার সমাধান হবে। সরকারের নির্দেশনায় মানুষের স্বাস্থ্য সেবা আরো আধুনিক ও হাতের নাগালে পৌছে দিতে আমরা চেষ্টা করছি।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহীদ ভুঞা বলেন, ‘এসব বিষয়ে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। আপাতত ওইসব কমিউনিটি ক্লিনিকে দুর্ভোগ কমিয়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর