স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ভুয়া (এনএসআই) জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে নগরীর কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার নাম বিপ্লব কান্তি দাস (৩৩)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার নয়াহালট গ্রামের সত্য রঞ্জন দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছিল।
পুলিশ জানায়, বিপ্লব কান্তি দাস কোনাবাড়ি আমবাগ মিতালি ক্লাব নামক এলাকায় এসে বিগত তিন থেকে চার মাস যাবৎ সরকারি কর্মকর্তা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে আসছে। গত ৩ আগস্ট মিতালি ক্লাব এলাকার এক চা ব্যবসায়ী মো. বোরহান উদ্দিন এর চায়ের দোকানে এসে বলে তার (বোরহান) এর নামে দুইটি মামলা হয়েছে। একটি মামলা নারী ও শিশু নির্যাতন এবং অপরটি টাকা সংক্রান্ত মামলা। পরে চায়ের দোকানদারকে বিপ্লব বলে কোনো চিন্তা করবেন না আজকে দিনের মধ্যে বাদীর সঙ্গে কথা বলে মামলা শেষ করে দেব। এই কথা বলে চায়ের দোকানদারকে কোনাবাড়ি নতুন বাজার এলাকায় নিয়ে যায় প্রতারক বিপ্লব। এরপর বলে মামলা নিষ্পত্তি করতে ৭৫ হাজার টাকা লাগবে। ভুক্তভোগী বোরহান উদ্দিন বেচারা সরল বিশ্বাসে তার এক আত্মীয়র কাছ থেকে দেনা করে ৭৫ হাজার টাকা এনে ভুয়া এনএসআইকে দেন। পরে সে টাকা নিয়ে চলে যায়। এরপর গেল সোমবার ভুক্তভোগীর চায়ের দোকানে আসে ওই এন এস আই। পরে মামলার বিষয়ে বোরহান জানতে চাইলে একেক সময় একেক ধরণের কথা বার্তা বলতে থাকে। এতে তার সন্দেহ হলে কোনাবাড়ি থানা পুলিশ ও গাজীপুর এন এস আই অফিসে যোগাযোগ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ঘিরে ফেলে পুলিশে খবর দেয়া হয়। এ ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী বোরহান উদ্দিন কোনাবাড়ি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর পরিচয় দানকারী বিপ্লব কান্তি দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পাঁচ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।