স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ব্র্যাকের উদ্যোগে প্রাথমিক শৈশব বিকাশ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় ব্র্যাকের , আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) অ্যান্ড রিডিউস জেন্ডার-বেইজড ভায়োলেন্স (জিবিভি) ইন আন্ডারসার্ভড অ্যান্ড সাবস্ট্যান্ডার্ড আরবান সেটেলমেন্ট” প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরা হয়। সুবিধাবঞ্চিত নগর এলাকার শিশুদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা এবং নারীদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রকল্পটির বিভিন্ন দিক উপস্থাপন করেন ব্র্যাকের প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম। বক্তারা বলেন, টেকসই সমাজ গঠনে শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর শৈশব নিশ্চিত করার পাশাপাশি নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ব্র্যাকের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্র্যাকের প্রতিনিধি দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।