নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে কাটা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডের নিরাপত্তা ইনচার্জ রাজীব বাবু প্রতিষ্ঠানের ভেতরে সন্দেহজনক এক ব্যক্তির উপস্থিতি দেখতে পেয়ে কর্তব্যরত আনসার পিসি মো. মামুন গাজীকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি এপিসি আনাম হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ভবনের ভেতরে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোকলেস জানান, তিনি ভবনের পেছনের অংশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে তল্লাশি চালিয়ে ভবনের ভেতরে বৈদ্যুতিক তার কাটার বিষয়টি শনাক্ত করা হয়। প্রতিষ্ঠানের মালিকপক্ষের উপস্থিতিতে ভবনের পেছনে গিয়ে গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের মোটা তামার বৈদ্যুতিক তার কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার কাটার একটি যন্ত্রও উদ্ধার করা হয়।
আটক মো. মোকলেসের বাড়ি হবিগঞ্জ জেলায়। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হয়। পরে জয়দেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক যুবককে কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জননিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় সদস্যরা দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন। ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে চুরির চেষ্টা প্রতিহত করে একজনকে আটক এবং চুরি হতে যাওয়া মালামাল উদ্ধার এরই একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও নিরাপত্তা ও জনকল্যাণে আনসার ও ভিডিপির সদস্যদের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।