স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের জয়দেবপুরের মির্জাপুর বাজার এলাকা থেকে মাদকদ্রব্য হিসেবে ঘোষিত টাপেন্টাডলসহ দুজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো-মো. সোলাইমান (৪৫) ও শ্রী নিবাস চন্দ্র (২২)। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৮৪৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর বাজার এলাকায় হাসান ফার্মেসি নামে এক দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।