July 25, 2026, 11:03 pm

গাজীপুরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Thursday, February 26, 2026
  • 136 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়িতে বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মবিরতি দিয়ে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকেরা এই বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে শ্রমিকেরা বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। পরে বিকেল ৫টার সময় বাসায় চলে যান তারা। আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। এ সময় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।
এ বিষয়ে কারখানার শ্রমিক আবির ইসলাম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করি, অথচ ঠিকমতো বিল দেওয়া হয় না। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত ডিউটি করতে হয়।’
রিপন নীট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, ‘তিন মাসের নাইট বিলের মধ্যে এক মাসের বিল আজকে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা মানছেন না। শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের ওপর হামলা করেছেন। আমরা কোনোমতে জীবন নিয়ে বের হয়ে এসেছি।’
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন করছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। মালিক পক্ষ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর