স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক আরোহী অহিদুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মুন্নু গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আন্দালবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাজীপুর থেকে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন তুহিন ইসলাম। মুন্নু গেট এলাকায় পৌঁছলে ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তুহিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অহিদুল ইসলামের চিকিৎসা চলছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।