July 25, 2026, 12:08 am

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Wednesday, August 2, 2023
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের সদর থানাধীন তিন সড়ক এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ‘স্টাইল ক্রাফট’ নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এদিকে, সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার কারণে স্টাইল ক্রাফট নামের তৈরি পোশাক কারখানাটিতে কয়েক মাস পরপরই বেতন নিয়ে জটিলতা তৈরি হয়। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের কাছে জুন ও জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। এর প্রেক্ষিতে গত ২৬ জুলাই মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু মালিকপক্ষ এক তারিখে বেতন পরিশোধ না করে কারখানা থেকে চলে যায়। পাওনা বকেয়া না পেয়ে গতকাল শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু আজ বুধবার সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে শ্রমিকরা কারখানার গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। বকেয়া পরিশোধ না করে কোনো কিছু না জানিয়ে এভাবে হঠাৎ রাতের আঁধারে কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় সকালে শ্রমিকরা আন্দোলনে নামেন।

কারখানায় কর্মরত মনিরা, জান্নাত ও সোহেলিসহ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বেতন বকেয়া থাকায় বাড়ি ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাই অবিলম্বে বেতন-ভাতা পরিশোধে সরকার ও প্রশাসনের সহযোগিতা চাইছেন শ্রমিকরা।

শিল্প পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, বেতন-ভাতা পরিশোধের জন্য শ্রমিকদের সঙ্গে কারখানার মালিকের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট জুন মাসের বেতন ও ৮ আগস্ট শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা। কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ না করেই কারখানা ছয় দিনের বন্ধ ঘোষণা করে। আজ সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে আন্দোলনে নামেন। তারা বিক্ষোভ মিছিল করে জয়দেবপুর-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের জন্য মালিকপক্ষের সঙ্গে কথা বলছে। বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে মালিকপক্ষ জানিয়েছে, বেতনের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় কারখানা ছয় দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে মালিক এবং শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর