May 31, 2026, 10:16 pm

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Monday, February 9, 2026
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বকেয়া বেতন না পেয়ে মহাসড়ক অবরোধ করেন দুইটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর বড়বাড়ি এলাকার ইউনিক ওয়াশিং ও লাবাব ফ্যাশনের শ্রমিকরা অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ইউনিক ওয়াশিং কারখানায় সোমবার বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু বেতন না দিয়ে দুপুরে হঠাৎ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের বাড়ি গিয়ে ভোট প্রদান অনিশ্চিত হয়ে পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে মহাসড়ক অবরোধ করেন।
অন্যদিকে লাবাব ফ্যাশনের শ্রমিকরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ লেনদেন সীমাবদ্ধ থাকায় শ্রমিকদের টাকা উত্তোলনে বিঘ্ন ঘটে। বকেয়া বেতন নগদে পরিশোধের অনুরোধ জানালেও কর্তৃপক্ষ তা না মানায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তাদের দাবি, অর্থ সংকটের কারণে বাড়ি গিয়ে দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করাও অনিশ্চিত হয়ে পড়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সঙ্গে কথা বলে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর