স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে আটত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গাছা থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের তথ্য পাওয়া যায়। ভিডিওতে সিফাত দাবি কওে বলেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করেন। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি গাছা থানা-পুলিশকে অবহিত করেন। পুলিশ বৃহস্পতিবার রাতে সিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গাছা থানার ওসি মো. গোলাম রব্বানী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। সামাজিক মাধ্যমে যে অভিযোগ আনা হয়েছে তা যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।