স্টাফ রিপোর্টার, গাজীপুর :: চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় আহত হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম। পাশাপাশি নতুন করে একটি চায়ের দোকান চালু করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও তুলে দেওয়া হয়।
এ সময় কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে আমরা বিএনপি পরিবার এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যাবসায়িক সহায়তাও দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন– গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছিলেন।