নিজস্ব প্রতিবেদক :: ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, কর্মহীন শ্রমিকদের বেকার ভাতা প্রদান এবং বন্ধ কারখানা চালুর দাবিতে গাজীপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার গাজীপুরের নাওজোর এলাকার হর্টিকালচার সেন্টারে শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুরের আহ্বায়ক তমিজ উদ্দিন তনু। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসাইন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি ও শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ গাজীপুরের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম। এছাড়া পরিষদের নেতা ফিরোজ আলী, আশরাফুজ্জামান, মোস্তফা কামাল, আমজাদ হোসেন, শ্রমিক নেত্রী ফেরদৌসী, লুৎফর রহমান, কবির হাওলাদার, হাবিবুর রহমান হাবিব ও আনোয়ার হোসেন বক্তব্য দেন।
নেতৃবৃন্দ বলেন, ডার্ড গ্রুপ, সিজন্স ড্রেসেস লিমিটেড, বিএইচআইএস অ্যাপারেল লিমিটেড, স্বাধীন গার্মেন্টস লিমিটেড, ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং লিমিটেড ও এইচডিবিএফ অ্যাপারেল লিমিটেডসহ বিভিন্ন কারখানায় দীর্ঘদিন ধরে শ্রম অসন্তোষ চলমান রয়েছে। এসব কারখানার শ্রমিকরা দীর্ঘ সময় ধরে বেতন-বোনাস না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং তাদের পাওনা আদায়ের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছেন। কিন্তু এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরও বলেন, ভালুকায় অবস্থিত শেফার্ড জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করলে মালিকপক্ষ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু শ্রমিক আহত হন এবং কয়েকজন শ্রমিকের হাত-পা ভেঙে যায়। আহত শ্রমিকদের অনেকেই বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রমিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঈদের আগে শ্রমিকদের সব বকেয়া বেতন-বোনাস পরিশোধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, কর্মহীন শ্রমিকদের বেকার ভাতা প্রদান এবং বন্ধ কারখানা দ্রুত চালুর জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানান তারা।