স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের ৫ টি উপজেলায় গত ১১ মাসে ২৮৬ জন নারী বিভিন্ন মাধ্যমে নির্যাতনে শিকার হয়েছেন। এরমধ্যে শারীরিক নির্যাতনের শিকার হন ১০২ জন নারী, মানসিক নির্যাতনের ১১২ জন, মৌখিক নির্যাতনের শিকার ৬৬ জন, সাইবার নির্যাতনের শিকার ৬ জন৷ এরমধ্যে শিশুসহ ২৯ জন স্কুল শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় গাজীপুর প্রেসক্লাবের মিলনায়তনে গাজীপুর আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্প নারীর প্রতি সহিংসতা অর্ধবার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভায় ‘অগ্নি’ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান ওই তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
তিনি বলেন, ২০২৩ সালের মার্চ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আইন ও সালিশের অগ্নি প্রকল্পের সিএসও সদস্যদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যান এটি৷ পরিসংখ্যান অনুযায়ী আইনী সেবা প্রয়োজন ছিল ৯৫ জন নারীর, চিকিৎসা সেবা প্রয়োজন ছিল ১৯ জন নারীর, মনোস্তাত্ত্বিক পরামর্শ সেবা প্রয়োজন ছিল ৭৫ জন নারীর, আশ্রয় সেবা প্রয়োজন ছিল ৩৬ জন নারীর, ভোকেশনাল ট্রেনিং এর প্রয়োজন ছিল ১ জন নারীর এবং নিরাপত্তার প্রয়োজন ছিল ১ জন নারীর।
অগ্নি প্রকল্পের আওতায় প্রাথমিক কাউন্সিলিং সেবা প্রদান করা হয় ১২০ জন নারীকে, আইনী সহায়তার জন্য পরামর্শ দেওয়া হয় ৭০ জন নারীকে, সিএসও এর উদ্যোগে স্থানীয়পর্যায়ে সালিশের ব্যবস্থা করা হয় ২৬ জন নারীর, চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ৯ জন নারীকে, আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয় ৪ জন নারীকে, পরামর্শের ভিত্তিতে কোর্ট কেস করেন ১১ জন নারী।
এসময় তারা গত ১১ মাসের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত পরিসংখ্যান তুলে ধরেন। সেখানে মোট ৮৮ জন নারী নির্যাতনের মধ্যে শিকারের তথ্য উঠে আসে। এরমধ্যে ধর্ষনের শিকার হয়েছেন ২২ জন নারী, হত্যা ও অপহরনের শিকার ২৫ নারী, শারিরীক নির্যাতনের শিকার ১০ জন এবং আত্মহত্যা এবং ব্ল্যাকমেইলের শিকার হন ১৩ জন নারী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ ।
চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রকল্পের লক্ষ্য অর্জনে সাংবাদিকদের ভুমিকা নিয়ে আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী আসমা খানব রুবা ও জেলা অগ্নি ব্যবস্থাপক আসাদুজ্জামান। অগ্নি প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ ও সার্বিক বিষয়ে আলোচনা করেন জেলা অগ্নি ব্যবস্থাপক আসাদুজ্জামান ও কনসালটেন্ট রাজীব হাসান৷