স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার রাতে মৌচাক এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হন। এ এলাকায় মহাসড়ক পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ নেই। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ পথচারী ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করেন। এতে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।
তাদের দাবি, ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার সড়ক বিভাগে লিখিতভাবে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী জিহাদ হাসান ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হই। এই সড়কে বেপরোয়া গাড়ি চলাচল করে। অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা কার্যকর পদক্ষেপের পাশাপাশি এখানে একটি ফুটওভার ব্রিজ চাই। জাকির হোসেন নামে এক চাকরিজীবী বলেন, ব্যস্ততম এই সড়কে ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি। শত শত শিক্ষার্থী প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সড়ক পার হয়। আমরা এর প্রতিকার চাই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরে তারা সড়ক ত্যাগ করেছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মৌচাক এলাকায় একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন। দ্রুত সড়ক বিভাগের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।