November 18, 2026, 2:10 pm

গাজীপুরে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

Reporter Name
  • আপডেট Monday, November 16, 2026
  • 11 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: নানা আয়োজনে পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আজ সোমবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে ব্রি’র প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কর্তন উৎসবে অংশগ্রহণ করেন। ধান কর্তন শেষে একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা ব্রি’র সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ব্রি মিলনায়তনে নবান্ন উৎসবের ওপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উৎসবের অংশ হিসেবে মিলনায়তনের সামনে আয়োজন করা হয় পিঠা উৎসবের, যেখানে ব্রি’র সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে ঐতিহ্যবাহী পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।
‘ক্ষুধা নিবারণের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রি অঙ্গীকারবদ্ধ’ ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, নবান্ন আমাদের গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য। পরবর্তী প্রজন্মের কাছে নবান্ন উৎসবের বার্তা পৌঁছে দিতেই আমাদের আজকের এই আয়োজন। তিনি আরও বলেন, সীমিত সম্পদ দিয়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দেওয়া আমাদের আগামী দিনের অন্যতম চ্যালেঞ্জ। ব্রি এই চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ। আজকের এই উৎসব পালনের মাধ্যমে ব্রি’র সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এই বার্তাই দিতে চায় যে, আগামী দিনের ক্ষুধা নিবারণের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।
‘দেশে এখন তিন মৌসুমেই নবান্নের আমেজ’ বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ব্রি উচ্চফলনশীল জাত ও উন্নত কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা বিধানে বৈপ্লবিক ভূমিকা পালন করে আসছে। একসময় দেশে দানাদার শস্যের উৎপাদন ছিল ১ কোটি ১০ লাখ মেট্রিক টন, কিন্তু এখন তা প্রায় ৫ কোটি মেট্রিক টন। তাই বাংলার ঘরে ঘরে নবান্ন এখন শুধু পহেলা অগ্রহায়ণেই নয়, তিন মৌসুমে প্রায় সারা বছরই লেগে আছে। আর এক্ষেত্রে ব্রি’র বিজ্ঞানীদের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রি’র ধানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান এবং নবান্ন উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, ফলিত গবেষণা বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও উদযাপন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ ব্রি’তে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। উৎসবের কর্মসূচিতে ব্রি’র বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর