স্টাফ রিপোর্টার, গাজীপুর:: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। পরে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড মো. শহিদ উজ্জামান। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশ করা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা। বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার শিক্ষা বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব।
তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও সংগীতের চর্চা নতুন প্রজন্মকে মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে পারে। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।