স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে নগর ভবন থেকে কাভার্ডভ্যানযোগে পাচারের সময় কয়েক হাজার এলইডি বাতি আটক হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বাতিগুলো আটক করেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও বিষয়টি রবিবার সন্ধ্যায় জানাজানি হয়।
নগর ভবন সূত্রে জানা গেছে, নগরীর ১৮ ও ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশের খুঁটিতে লাগানোর জন্য প্রায় আট হাজার এলইডি বাতি নগর ভবনের চতুর্থ তলায় রাখা ছিল।কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লাইটগুলো কাভার্ডভ্যানে তুলে অন্যত্র সরানোর সময় প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে আটক করে ফের নগর ভবনের চতুর্থ তলায় পাঠানো হয়।
এ ব্যাপারে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিল জানান, মেসার্স সানটেক কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান একটি ওয়ার্ডে লাগানোর জন্য বাতিগুলো এনে নগর ভবনে রেখেছিল। বিলের টাকা না দেওয়ায় কাজ করতে পারবেন না জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন প্রায় দুই হাজার লাইট নিয়ে যাচ্ছিলেন।
সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, বাতিগুলো বিশ্ব ইজতেমার সময় গত জানুয়ারি মাসে কিনে ব্যবহার করা হয়েছিল।নতুন মেয়র দায়িত্ব নেওয়ার আগে এসব অন্যত্র বিক্রির উদ্দেশ্যে বাতিগুলো অন্যত্র সরানোর চেষ্টা করা হচ্ছিল।
সিটি করপোরেশনের ভাণ্ডার রক্ষক রোকসানা বেগম জানান, আটক করা এলইডি বাতিগুলো নগর ভবনের চতুর্থ তলায় রাখার ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। ভাণ্ডার শাখায় জমাও দেওয়া হয়নি। বৃহস্পতিবার নিয়ে যাওয়ার সময় কোনো চালানও নেওয়া হয়নি। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম বলেন, নগর ভবনে কোনো মালামাল প্রবেশ করলে তা যথাযথ নিয়ম মেনেই ফেরত নিতে হবে। এসব বাতি কারা কেন এনে রেখেছিল তা তদন্ত করে দেখা হবে।