July 9, 2026, 2:53 pm

গাজীপুরে দুইভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ একজন আটক

Reporter Name
  • আপডেট Saturday, October 21, 2023
  • 148 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে টাকা পাওনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নিহতদের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সিটি করপোরেশনের সদর থানাধীন বাঙ্গালগাছ বাশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা এলাকার আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও শুক্কুর আলী (৩০)। তাদের মধ্যে শফিকুল গাজীপুরে বলাকা পরিবহন বাসের হেলপার এবং শুক্কুর আলী অটো রিকশার ড্রাইভার।
নিহত শফিকুলের স্ত্রী সুমাইয়া ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন ভুরুলিয়া এলাকার আব্দুল রশিদের বাড়িতে স্বপরিবারে ভাড়া বাসায় থাকেন শফিকুল ও শুক্কুর আলী। গত কিছুদিন ধরে তাদের সঙ্গে বাঙ্গাল গাছ এলাকার রাসেল, হিমেল ও তার ভাই সুমনের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক মাস আগে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটেছিল।
স্থানীয়রা জানান, বন্ধু রুবেলের সঙ্গে তার অটোরিকশায় চড়ে বাঙ্গালগাছ এলাকার বাঁশপট্টি আসেন দুইভাই শফিকুল ও শুক্কুর আলী। সেখানে তাদের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের বাগবিতন্ডা হয়। এসময় শুক্কুর আলী স্থানীয় একযুবককে লাঠি দিয়ে আঘাত করে। এর জেরে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাদের আটক করে। একপর্যায়ে আটককৃতদের রড, জিআইপাইপ ও লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটায় স্থানীয় কয়েকজন যুবক। এতে ঘটনাস্থলেই দুইভাই নিহত হন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, দুই ভাইকে কয়েকজন যুবক পিটিয়ে হত্যা করার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতদের বন্ধু রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মাদক ব্যবসার টাকার লেনদেন নিয়ে পূর্ব বিরোধের জেরে ওই দুইভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর