স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে দস্যুতা মামলার দুই আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটার সিপিইউ ও ডিভিআরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ কলমেশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অন্য মামলায় গ্রেপ্তাররা হলেন ওমর ফারুক ওরফে রাসেল (৩৪), শান্ত সরদার (২৫), মাসুদ রানা ওরফে ল্যাংরা মাসুদ (৩৫), রিফাত কাজী (২৬), জনি হোসেন (২৮), সাদেকুর (৪৫) ও আব্দুল বারেক (৪৮)।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম ও সাখাওয়াত হোসেন।
পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে গাছা ইয়াকুব আলী মার্কেট সংলগ্ন ভাঙা ব্রিজপাড় এলাকায় অবস্থিত মেসার্স শাফিন প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রাইভেট লিমিটেডে দস্যুতার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী মিজানুর রহমানের হাত-পা বেঁধে মারধর করে অফিসের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে গাছা থানার বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দস্যুতার সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে দুইজন দস্যুতা মামলার আসামি, একজন মাদক মামলার এবং অন্যরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, মাদক, মারামারি ও নারী-শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
ব্রিফিংয়ে ওয়াহিদুজ্জামান জানান, অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার সিপিইউ, একটি ডিভিআর, একটি কিবোর্ড, একটি ধারালো ছুরি ও তিনটি পেপার কাটার চাকু। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’