স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় দশতলা পোশাক কারখানার ভবন থেকে লাফ দিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুর দেড়টার দিকে কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। ওই নারী শ্রমিকের নাম নীলা খাতুন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মানিকদাইড় গ্রামের লিটন মল্লিকের মেয়ে। সে নগরীর জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টসের ওভেন শাখায় জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতো।
পুলিশ জানায়, রোববার দুপুরে ইসলাম গার্মেন্টস এর দশতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে নীলা। এ সময় কারখানা কর্তৃপক্ষ গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার কওে প্রথমে কোনাবাড়ি ক্লিনিক নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত্যু ঘোষণা করেন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান, ওই নারী পোশাক কর্মী হাসপাতালে আনার আগেই মারা গেছে। এ ব্যাপারে ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ওভেন শাখার জিএম তানভীর এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে কারখানায় গিয়ে ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে, তিনি নিজে থেকেই (নীলা) লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে বা কোন কষ্টে দশতলা ভবন থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে। এর বিস্তারিত পরে বলা যাবে।