স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানের জন্য দুই দিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে এই চক্ষু শিবির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস এই চক্ষু শিবিরে চিকিৎসা দিচ্ছেন ঢাকা আই কেয়ার হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। চক্ষু শিবিরের প্রথম দিন চিকিৎসকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যা বিশেষ করে ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন। জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয়। চক্ষু সেবা উদ্বোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় তিনি বলেন, কর্মদক্ষতা ধরে রাখতে শারীরিক সুস্থতার বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই বিনামূল্যের চক্ষু শিবির বড় ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম বাড়ানোর জন্য নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিনামূল্যে চক্ষু শিবিরের দ্বিতীয় দিনের চিকিৎসা সেবা প্রদান করা হবে আগামী ২ সেপ্টেম্বর।