স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগরের ভূরুলীয়া চিলাই খালসহ মোট ১৯টি খাল খননের উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
সকালে নগরীর তিতাস গেট এলাকায় চিলাই খালে মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বশাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, আসাদুজ্জামান কিরণ প্রমুখ। এ ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ৬ কিলোমিটার চিলাই খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হবে।
তিনি আরও জানান, নগরীর ১৯টি খালের খনন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। এতে করে জলাবদ্ধতা কমে আসবে এবং নগরবাসী একটি পরিচ্ছন্ন পরিবেশ পাবে বলে আশা করা হচ্ছে।