May 30, 2026, 4:13 pm

গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে ব্যবসায়ী নিহত

Reporter Name
  • আপডেট Friday, July 14, 2023
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ছিনতাইকারীর রডের আঘাতে মোমেন শেখ (৫০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে মহানগরীর হানকাটা এলাকায় জয়দেবপুর-আজমতপুর-ইটাখোলা সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মোমেন শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতীয়ানি গ্রামের ওসমান আলী শেখের ছেলে। তিনি কালীগঞ্জের জাঙ্গালিয়া বাজারে ফলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র, পুলিশ ও নিহতের স্বজনেরা বলেন, মোমেন শেখ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ফল কিনে জাঙ্গালিয়া বাজারে নিয়ে বিক্রি করতেন। আজ শুক্রবার ভোরে তিনি অটোতে করে ফল কিনতে চান্দনা যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর হানকাটা ব্রিজের কাছে গেলে একটি পিকআপে চড়ে আসা চার-পাঁচজন যুবক তাঁর পথরোধ করে। এ সময় তারা মোমেনের কাছে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে রড দিয়ে মোমেনের বুকে-পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই সিরাজ মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কাছে টাকা ছিল, এটা হয়তো কোনোভাবে ছিনতাইকারীরা জানতে পেরেছিল। মারা যাওয়ার পর মোমেন শেখের লুঙ্গির কোচরে টাকা বাঁধা পাওয়া গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছুঁচালো কিছুর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর