স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরে বিশেষ অভিযানে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পাজুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তাদের নেতৃত্বে একাধিক চৌকস পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জিএমপি জানিয়েছে, গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।