স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) এসব কর্মসূচি পালিত হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকেলে ৩ নম্বর ওয়ার্ডের নানাইয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোতাহার হোসেন সবুজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জিএস সোহেল রানা, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন মোল্লা, রফিকুল ইসলাম রাজু ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসিফ আকবরসহ নেতারা। মিছিলটির নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান খান। সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার তাজ উদ্দিন। একই সময়ে জয়দেবপুর রাজবাড়ী এলাকায় সদর মেট্রো থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল।
এদিকে সদর উপজেলার বাগেরবাজার এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবির মোনায়েম। এ ছাড়া বুধবার সকাল ১০টায় জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন।