স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড আনসার রোড এলাকায় কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তানভীর ইসলাম আরিয়ান (৮) দিনাজপুরের কতোয়ালি থানার বালুবাড়ি এলাকায় সজল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থাকতো তানভীর ইসলাম আরিয়ান। সে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতো। দুপুরে স্কুল ছুটির পর বাসায় ফিরছিল আরিয়ান।
একপর্যায়ে আনসার রোড পার হওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তার মাথা ও শরীর থেঁতলে গিয়ে ঘটনাস্থলে মারা যায়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, কভার্ডভ্যান চাপায় ওই শিশু ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।