স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাব। আজ সোমবার র্যাব বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুন্দরনগরের মো. গোলাম আরিফ (৩৮) এবং গাজীপুর মহানগরীর পশ্চিম লক্ষ্মীপুরা এলাকার মো. ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক (৪৫)।
র্যাব পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, রোববার র্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল জানতে পারে যে, গাজীপুর জেলা কারাগার এলাকায় কয়েকজন হেরোইন কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে জেলা সদরের ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের সামনের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. গোলাম আরিফকে আটক করা হয়। এ সময় গোলাম আরিফের কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর সদরের পশ্চিম লক্ষ্মীপুরা এলাকার জব্বার কাউন্সিলরের বাসার সামনে থেকে মো. ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুককে ১০০গ্রাম হেরোইনসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। আইনগত ব্যবস্থা নিতে আটক দুজনকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।