স্টাফ রিপোর্টার, গাজীপুর:: জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে ঋণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। তিনি গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে এ খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।