গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের মেধাবী শিক্ষার্থী নুসরাত সোমার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।
নুসরাত সোমা রুয়েটসহ কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও পরিবারের আর্থিক অনটনের কারণে সেখানে ভর্তি হতে পারেননি। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন।
নুসরাতের পরিবারের পক্ষ থেকে পড়াশোনার জন্য একটি ল্যাপটপের প্রয়োজনের কথা জানিয়ে ড. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে আমেরিকাভিত্তিক চ্যারিটি সংগঠন মুসলিম কর্পসের স্পন্সরে ল্যাপটপটি নুসরাতের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম কর্পসের বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান এএসএম খাইরুজ্জামান সবুর, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের সেক্রেটারি আ স ম ফারুক, মহিলা বিভাগের সেক্রেটারি আমেনা বেগম, মহানগর সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, টঙ্গী পূর্ব থানা আমির নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী বিভাগের সভাপতি গোলাম মোস্তফা, গাছা থানার নায়েবে আমির মিজানুর রহমান মোল্লা, মহিলা বিভাগের মহানগর কর্মপরিষদ সদস্য নাসরিন তাসনিয়া, টঙ্গী পশ্চিমের সেক্রেটারি ফাহমিদা খাতুন লাকি, সহকারী সেক্রেটারি সুমাইয়া জাহান এবং নুসরাত সোমার বাবা-মাসহ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে ড. হাফিজুর রহমান মুসলিম কর্পসকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নুসরাত সোমার মতো গাজীপুরের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নুসরাত সোমা ও তার পরিবারের সদস্যরা ল্যাপটপ দেওয়ার উদ্যোগের জন্য ড. হাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠান মুসলিম কর্পসের প্রতিও ধন্যবাদ জানান।