স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা জয়দেবপুর রেলক্রসিংকে অবৈধ ভাবে দখলে রাখা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে রেলক্রসিং ঘিরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, হকার এবং অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে অবৈধ দখল উচ্ছেদ করা একটি চলমান প্রক্রিয়া। উচ্ছেদের পর যেন পুনরায় দখল না হয়, সেজন্য নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। দখলদারদের পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবিক দিক বিবেচনা করে ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের জন্য আলোচনা ও পরামর্শের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে হকার ও অটোরিকশার বিশৃঙ্খলায় জয়দেবপুর রেলক্রসিং এলাকাটি সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, জয়দেবপুর রেলক্রসিং গাজীপুরের প্রাণকেন্দ্র। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ চলাচল করে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়েছি।
তিনি জানান, উচ্ছেদের পাশাপাশি এই এলাকাকে আধুনিকায়নের লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত সংস্কার এবং নাগরিক চলাচল সহজ করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পদক্ষেপের ফলে গুরুত্বপূর্ণ এই এলাকায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন নগরবাসী।