নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাদকবিরোধী সচেতনতা জোরদারের লক্ষ্যে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোরালো বার্তা দিয়েছে। আজ শনিবার দুপুরে খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের নেতৃত্বে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা “মাদক ছাড়ো, পরিবার বাঁচাও”, “মাদক ছাড়ো, জীবন গড়ো”, “মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদ বাংলাদেশ চাই”- সহ নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন, যা জনসচেতনতা তৈরিতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।
র্যালিতে বাদশাহ্ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ অধ্যক্ষ প্রদীপ দেবনাথ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হাজারী, ছাত্রদল নেতা ইব্রাহিমসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। কর্মসূচিতে গাছা থানার পুলিশ কর্মকর্তারাও অংশগ্রহণ করেন, যা মাদকবিরোধী এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. কামাল হোসেন বলেন, “আমাদের এই এলাকা আজ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত। তরুণ সমাজ ধ্বংসের মুখে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন ও সক্রিয় হতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গাছাকে আমরা মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো, এটাই আমাদের অঙ্গীকার।”
এ সময় অধ্যক্ষ প্রদীপ দেবনাথ বলেন, মাদক নির্মূল করা গেলে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অধিকাংশ অপরাধ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মাদক প্রতিরোধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে উঠবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।