July 12, 2026, 9:48 pm

গাজীপুরের কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • আপডেট Sunday, July 12, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ উপলক্ষে ৫-১৪ জুলাই পর্যন্ত কাপাসিয়ায় চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদর দপ্তরের লজিস্টিকস এরিয়া ও স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উদ্দিন এবং স্টেশন কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
জানা যায়, ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশুরোগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এ ছাড়া জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ক্ষেত্রে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) রাজেন্দ্রপুরে উন্নত চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থাও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন।’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তারা।
সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, দেশের জনগণের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর