মোঃ আক্তার হোসেন ঢালি:: ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপুর বড় ভাই মো. সামছুদ্দিন মৃধার গাজীপুর সফরকে ঘিরে টঙ্গীর এরশাদনগরে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. কামরুল ইসলাম কামুর আতিথেয়তা গ্রহণ করেন তিনি। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে এরশাদনগরের চার্চ অব মিশন স্কুলের সামনে পৌঁছালে কামরুল ইসলাম কামুর নেতৃত্বে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী তাঁকে সাদরে অভ্যর্থনা জানান। এ সময় প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। গাড়ি থেকে নামার পর কামরুল ইসলাম কামুর সঙ্গে কুশল বিনিময় ও আন্তরিক আলিঙ্গনের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সামছুদ্দিন মৃধা। পরে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে সালাম জানিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সফরের একপর্যায়ে কামরুল ইসলাম কামুর বাসায় গিয়ে তাঁর অসুস্থ বড় ভাই মোবারক হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন সামছুদ্দিন মৃধা। পরে নৈশভোজ শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন তিনি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত এ সফর শেষে রাত সাড়ে ১০টার দিকে উপস্থিত সবার কাছ থেকে বিদায় নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন সামছুদ্দিন মৃধা। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে তাঁর এ সফর পারস্পরিক সৌজন্য, সম্প্রীতি ও আন্তরিকতার একটি উপলক্ষ হয়ে ওঠে।