স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের গাছায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে ঘেরা রাখার উদ্যোগের অংশ হিসেবে কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহীন মিয়া।
আয়োজক বিএনপি নেতা শাহীন মিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সাথে ভবিষ্যতে এসব চারার নিয়মিত পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শাহীন মিয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নেছা নাসরিন ,মো. আবুল হোসেন,মো. আব্দুস সামাদ, নুরুজ্জামান আনসারী,মিস সেলিনা খাতুন,রাজিয়া সুলতানা,শাহানা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। চারাগুলোর নিয়মিত যত্নের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি আদর্শ ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।