নিজস্ব প্রতিবেদক, খুলনা :: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে মেটোপলিটন পুলিশ। সাথে হত্যাকান্ডের ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার করছে। আজ বুধবার (২৯ মে) দুপুর ১ টার দিকে খুলনার ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিফ্রিং করে সাংবাদিকদের এ কথা জানান। ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রনি হত্যার সাথে জড়িত তিন জন আসামী ও হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিও উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ তাজুল ইসলাম আরো বলেন, ‘খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। আমরা বিগত কয়েক মাস থেকেই অস্ত্রধারী সন্ত্রাসী, নাশকতাকারী, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গি, অস্ত্র-গোলাবারদ ব্যবসায়ী, চোরাই মোটরসাইকেল, জুয়াড়ি, বিকাশ এবং অনলাইন প্রতারণায় জড়িত প্রতারক, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে যারা প্রভাব বিস্তার করে নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি।’
এরই ধারাবাহিকতায় গত ২৮ মে সন্ধায় খুলনা থানা পুলিশের কাছে সংবাদ আসে যে, খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পূর্বপাশে ক্যালোরিন ফুড কর্ণার এর সামনে ইটের সলিং রাস্তার উপর একজন ব্যক্তিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে। গুলির শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে দেখতে পায় মোঃ রনি সর্দার নামক একজন যুবক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে, ৭ থেকে ৮ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসীদল রনিকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
এই ঘটনায় গুলিবিদ্ধ যুবক রনিকে পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় খুলনা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে তদন্তে শুরু করে।
প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত আসামীদের নাম পাওয়া গেলে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা এবং আভিযানিক টিম মিলে চেকপোস্ট ও সাঁড়াশী অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে মহনগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানের সময় আসামীদের আটকস্থল হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, রনি সরদার এলাকায় মাদক ব্যবসায়ীদের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং মাদক ব্যবসায়ের পার্টনারদের সাথে মাদকের অর্থের লেনদেন নিয়ে বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ সে এলাকায় আসে না।
আসামীরা হলেন, নয়ন (৩০), খুলনা জেলার সদর থানার দক্ষিণ টুটপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে। নয়ন মতিয়াখালি রোডে খলিল এর বাড়ীর ভাড়াটিয়া। মিরাজ মৃধা (২৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের ফরহাদ মৃধার ছেলে এবং জসিম হাওলাদার (২১), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বহরবুনিয়া বড়শিবাওয়া জিলবুনিয়া গ্রামের খোকন হাওলাদারের ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান (ফায়ারিং পিন সহ), ২ রাউন্ড গুলি এবং ২ টি ছুরি উদ্ধার করা হয়। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক নিমাই চন্দ্র কুন্ডু’র উপর অর্পণ করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলাসহ অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও সিডিএমএস পরিচালনা করে গ্রেফতারকৃত আসামী নয়নের বিরুদ্ধে ১ টি হত্যা মামলা ও মাদকসহ খুলনা থানায় ৪ টি মামলা রয়েছে এবং আসামী মিরাজ মৃধার বিরুদ্ধে খুলনা থানায় ৪ টি মাদক মামলা রয়েছে।