নিজস্ব প্রতিবেদক :: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, কৃষকদের জন্য সরকারের দেওয়া প্রণোদনা কার্যক্রম কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের শিকার হওয়া উচিত নয়। প্রকৃত কৃষকরাই যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শরীফুল আলম আরও বলেন, এক সময় পাট দেশের ‘সোনালী আঁশ’ ও জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। তবে সময়ের ব্যবধানে এ খাত কিছুটা পিছিয়ে পড়েছে। পাট খাতকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।
আয়োজিত বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ৯০০ কৃষককে এক কেজি করে তোষা পাট বীজ দেওয়া হয়েছে।