কুমিল্লা (উত্তর) প্রতিনিধি:: কুমিল্লায় গত ৪৮ ঘণ্টায় ৯৮টি মাদকবিরোধী অভিযানে ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এসব অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ থেকে পাঠানো একটি প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৯৮টি মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় আরো ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ‘কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিক নির্দেশনায় জেলার সব থানা এলাকা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৬৩জন মাদকসহ বিভিন্ন মামলা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার এর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।’