দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:: কুমিল্লার দেবীদ্বারে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবীদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার আলফু মিয়ার ছেলে ও পৌর যুবলীগের সহসভাপতি মো. রাসেল (৪০), উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল মধ্যেপাড়া চানবক্স সরকার বাড়ির মো. আমির হোসেনের ছেলে ও সুবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন (৩২) এবং সুলতানপুর ইউনিয়নের ছেচরাপুকুরিয়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মেহেদী হাসান (২৩)।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নেতাকর্মীরা। ওই ঘটনার পর নাশকতাবিরোধী অভিযানে নামে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগের ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নাশকতার মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।