নিজস্ব প্রতিবেদক :: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৮২টি অবৈধ সিমসহ অনলাইন জুয়াড়ি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে কালীগঞ্জ উপজেলার দুইটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে লালমনিরহাট গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা ও সিম বিক্রির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর বত্রিশ হাজারী গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২১), নুরুল আমিনের ছেলে রফিকুল ইসলাম আকাশ (২০) ও কুতুব উদ্দিন রানার ছেলে মেহেদী হাসান (১৯)।
এছাড়াও এই চক্রের সাথে জড়িত নোয়াখালীর হাজীগ্রামের আব্দুল হাইয়ের ছেলে আফছার আলী (২৩) ও কালীগঞ্জের লতাবর ঢাকাইয়াটারী গ্রামের নুরুল আমিন ভুট্টুর ছেলে আশরাফুল ইসলাম আরিফুলকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আসামিদের কাছ থেকে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৮২টি অবৈধ সিম কার্ড এবং ছয়টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিম কার্ডগুলোতে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট সচল ছিল বলে জানায় পুলিশ।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলবে।’